পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি না করতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে কেউ ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে পোশাক শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে তাঁদের মজুরি বাড়াতে সরকার কাজ করছে। শ্রমিকদের বেতন অবশ্যই বাড়ানো হবে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ির মালিকেরা যাতে ভাড়া বাড়িয়ে না দেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিধান থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিক অধ্যুষিত কোনো এলাকায় বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা দেশের সব পোশাক শ্রমিক অধ্যুষিত এলাকার জন্য কার্যকর থাকবে।
এ সময় গোপালগঞ্জে থানা ও বিভিন্ন প্রশাসনিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, দেশে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। ধৈর্য ও সংযমের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।