স্বামীর মৃত্যুর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও পেনশন ও ভাতা না পাওয়ার অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম। এ সময় প্রধানমন্ত্রী তার অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং এ বিষয়ে লিখিত আবেদন রয়েছে কি না জানতে চান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন তিনি।
শুভেচ্ছা স্মারক গ্রহণের সময় বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম প্রধানমন্ত্রীর কাছে তার পারিবারিক পেনশন ও ভাতা পেতে দীর্ঘদিনের জটিলতার কথা তুলে ধরেন।
নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মারা যান। এরপর থেকে স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা উত্তোলন করতে পারছেন না তিনি। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে আর্থিক সংকটে পড়েছেন বলেও জানান।
এ সময় নুরজাহান বেগমের সঙ্গে থাকা তার ছেলে প্রধানমন্ত্রীকে জানান, তার বাবা বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। তবে একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তারা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়, নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা।
পরে প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো লিখিত আবেদন আনা হয়েছে কি না জানতে চান। জবাবে নুরজাহান বেগমের ছেলে জানান, আবেদনপত্রটি অনুষ্ঠানের প্রবেশপথে রাখা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন কর্মকর্তা আবেদনপত্রটি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানান।
প্রসঙ্গত, প্রয়াত রত্তন আলী শরীফ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও যুদ্ধকালীন বেইজ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রত্তন আলী শরীফ মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।