বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানযাত্রী ছাড়া অন্য সবার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ–এর পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৈধ টিকিটধারী যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ থাকবে। যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র যাদের বৈধ বিমান টিকিট রয়েছে, তারাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।