সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই হাদির প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার আরও একটি সার্জারির প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে ওই অস্ত্রোপচারের জন্য হাদির শারীরিক অবস্থা এখনও প্রস্তুত নয়।
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আগে থেকেই চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। হাসপাতালে ভর্তি করার পরপরই তার শারীরিক অবস্থা মূল্যায়নে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।
হাদির চিকিৎসা তদারকিতে তার সঙ্গে রয়েছেন দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।