নেত্রকোনা প্রতিনিধি :
অনুপ্রবেশ মামলায় খালাস পেয়েও প্রত্যর্পণ আইনের জটিলতায় ভারতীয় তিন নাগরিক দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলা কারাগারে বন্দি রয়েছেন। তাদেরকে মুক্ত করতে কারাগার কর্তৃপক্ষ অধিদপ্তরের মাধ্যমে ভারতীয় দূতাবাস কে চিঠি দিয়েছেন। ভারতীয় দূতাবাস অনুমোদন না পাওয়া পর্যন্ত তাদেরকে প্রত্যর্পণ করা যাবে না। এদিকে ট্রানজিট সেন্টার না থাকায় ততদিন পর্যন্ত তাদেরকে কারাগারেই বন্দি থাকতে হবে।
বন্দিরা হলেন- বাঘমারা জেলার সদর থানা পাঁচগাও গ্রামের মৃত জংশন এর ছেলে রাজু মারাক, একই জেলার গিটিংরে গ্রামের জিকুব আর মারাকের ছেলে সেঙ্গাম এম সাংমা (২৪) ও মহাদেব থানার বনবেড়া গ্রামের মৃত মদন মারাক এর ছেলে পিন্টু সাংমা। তারা সবাই ভারতের মেঘালয় প্রদেশের বাসিন্দা।
জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা জেলার সদরের পাঁচগাও গ্রামের রাজু মারাক ওরফ সঞ্জুক কে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। পরে তাকে কলমাকান্দা থানায় অনুপ্রবেশ মামলায় গ্রেফতার দেখিয়ে ২০২২ সালের ৫ অক্টোবর আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৮জুলাই আদালত তাকে খালাস দেন। এরপর থেকে ১৪মাস ধরে কারাগারে বন্দী আছেন তিনি।
অপরদিকে একই প্রদেশের মহাদেব থানার বনবেড়া গ্রামের মৃত মদন মারকের ছেলে পিন্টু সাংমা নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরে তাকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে কলমাকান্দা থানার পুলিশ ৭মে ২০২৩ সালে আদালতের মাধ্যমে নেত্রকোনা কারাগারে পাঠায়। তার বিচারিক প্রক্রিয়া শেষে ৬মে ২০২৪সালে আদালত তাকে খালাস দেন। পিন্টু সানমা মামলা থেকে খালাস পাওয়ার পরও দুই বছর চার মাস ধরে বন্দি রয়েছেন
এছাড়াও মেঘালয় প্রদেশের বাগমারা জেলা সদরের গিটিংরে গ্রামের জিকুব আর মারাক এর ছেলে সেঙ্গাম সাংমা জেলা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরে অনুপ্রবেশ আইনের মামলা দিয়ে তাকে ৭মার্চ ২০২৪সালে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়। সেঙ্গাম বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছর বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) আদালত তাকে খালাস দেন।
বাংলাদেশ এবং ভারতের বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির অনুযায়ী বন্দিদের কে ফেরত পাঠাতে কারাগার কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। ভারতীয় দূতাবাস বন্দীদের নাগরিকত্ব যাচাই-বাছাই করে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ করা হবে।
নেত্রকোনা জেলা কারাগারের সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, ভারতীয় তিন নাগরিক অনুপ্রবেশ মামলায় খালাস পেয়েছেন। কারাবন্দীদের কে প্রত্যর্পণ করার জন্য অধিদপ্তরের মহা পরিদর্শক স্যারের কাছে চিঠি পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া জন্য স্যার যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ভারতীয় দূতাবাস খালাস পাওয়া বন্দীদেরকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ মোতাবেক ফেরত নিবেন।