প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গ্যাস-বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকট। এটি সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। তবে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা না করে ‘লংমার্চের নামে লংড্রাইভ’ করছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত এখন আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস জোগাচ্ছে।’ জামায়াত আমিরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা লংমার্চের নামে লংড্রাইভ বন্ধ করুন।’
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ আর ফিরবে না এবং দেশের জনগণ দলটিকে আর গ্রহণ করবে না।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, ‘বট বাহিনী’ ব্যবহার করে জামায়াতের নেতারা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্রহনন করছেন।
সার সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দেশে সারের প্রকৃত সংকট নেই। কিছু ডিলার কৃত্রিমভাবে সার মজুত করে সংকট তৈরির চেষ্টা করছেন। এসব ডিলারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
একই সঙ্গে সার ব্যবসার পুরো ব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান রাশেদ খাঁন।