রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসন পৃথক সমন্বয় সভাও করেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকার প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যেন নগরীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তাঁর সফরের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
তিনি জানান, রাষ্ট্রপতির হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার উন্নয়ন ও সংস্কারকাজও আরও গতিশীল করা হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে শনিবার সমন্বয় সভা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় রাষ্ট্রপতির নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানের নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সিলেট সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।