বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সৃষ্ট সংকট দ্রুত কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাময়িক এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। এসব যন্ত্রাংশ দ্রুত খালাসের ব্যবস্থা করে আগামী সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, শিল্পখাতে গ্যাস সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি দাবি করেন, অতীতের স্বল্পমেয়াদি নীতিনির্ভর প্রকল্পের পরিবর্তে বর্তমান সরকার জ্বালানি খাতে টেকসই সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।