মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ঝটিকা মিছিলের আশঙ্কায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়েছে। গাড়িগুলো থেকে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ও থানা এলাকায় এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে যেকোনো সময় ঝটিকা মিছিল হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার প্রত্যেকটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চেকপোস্টে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে একটি হায়েস মাইক্রোবাসসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মুন্সীগঞ্জ থানার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে একটি হায়েস গাড়িসহ আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে চেকপোস্ট চলাকালে একটি হায়েস মাইক্রোবাসসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, জেলার বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে মোট ৩১ সদস্যকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বহনকারী গাড়িতে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।