জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলটির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে ঠাকুরগাঁও উপ-নির্বাচন উপলক্ষে ৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাকি দুটি মনোনয়নপত্রের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ নিলে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ দিন আগামীকাল বুধবার। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় আসনেটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।