মোঃ হোসাইন, মনপুরা -ভোলা।
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টানা ২২ দিন কার্যকর থাকবে এ নিষেধাজ্ঞা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়নবিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নিষেধাজ্ঞার সময় নদী ও সাগরে ইলিশ ধরার পাশাপাশি ইলিশ পরিবহণ, সংরক্ষণ, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও বন্ধ থাকবে।
এ সময় মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার কারণে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।
একই সঙ্গে সরকারি সহায়তা যাতে প্রকৃত জেলেদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে।
সভায় ইলিশের গুরুত্বপূর্ণ প্রজনন অঞ্চলগুলোতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে বরিশাল, চাঁদপুর ও ভোলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় অতিরিক্ত নৌযান ও অন্যান্য সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে, শুধু নদীতে অভিযান পরিচালনা নয়, অবৈধভাবে ধরা ইলিশের সরবরাহ বন্ধে বরফকল, আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রজননক্ষেত্রে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং অবৈধ জাল অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশের উৎপাদন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর কারণ অনুসন্ধানে গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। কোথায় ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন, নিষিদ্ধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
একই সঙ্গে জেলে সংগঠন ও প্রতিনিধিদের মাধ্যমে জেলেদের এসব জাল ব্যবহার থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া দরকার।।ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণে বিদেশ থেকে মাছ আমদানির প্রয়োজনীয়তা তৈরি হওয়াকেও উদ্বেগজনক হিসেবে দেখছে সরকার।
ইলিশকে দেশের জাতীয় সম্পদ ও জিআই পণ্য হিসেবে সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়েছে।