সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান ও সোহাগ সিকদার।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সখীপুর থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওই মামলার আসামি।
এর আগে একই মামলায় সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনজুরুল হক মজনু, সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হায়াত সরোয়ার এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার অজ্ঞাতনামা চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।