রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হলো জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়া এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি।