স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি নির্বাহী আদেশে বন্ধ করতে চায় না। বরং আইনের যথাযথ প্রয়োগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় সংঘটিত নির্যাতন, লুণ্ঠন ও হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, এসব ঘটনার জন্য দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি।
পাশাপাশি তিনি বলেন, অতীতের অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনগত ও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ইন্টারপোলের সহায়তায় পলাতকদের ফেরানোর কার্যক্রমও চলছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা প্রয়োজন। তিনি জাতীয় ঐক্য, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার এবং সুস্থ ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জুলাইয়ের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার না করে জাতীয় স্বার্থে ধারণ করার আহ্বান জানান।