বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেন, ভাতা এক টাকা হলেও বৃদ্ধি করা উচিত, যাতে মুক্তিযোদ্ধাদের মর্যাদা আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
ফজলুর রহমান বলেন, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকায় অপরিবর্তিত রাখা হলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের—বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীকদের ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের বিভিন্ন শ্রেণিতে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি জুলাই যোদ্ধাদের অসম্মান করছেন না; তবে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা হওয়া উচিত নয়।
সংসদ সদস্যের ভাষ্য, মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য এবং তাদের মর্যাদা বিবেচনায় সম্মানী ভাতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, “বেশি না হোক, অন্তত এক টাকা হলেও ভাতা বৃদ্ধি করা হোক।”
তিনি আরও বলেন, যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচয় দেন, তাদের মুক্তিযোদ্ধাদের মর্যাদার বিষয়ে আরও সংবেদনশীল হওয়া উচিত।