পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী যুগলকে পথরোধ করে মারধর, ছিনতাই এবং এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুমকি থানায় মামলা হয়েছে। তবে ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে তাদের মামলার আসামি করা হয়নি এমন অভিযোগ উঠেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিখা (২০) তার সহপাঠী মো. আব্দুল কাইয়ুম (২৩)-এর সঙ্গে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশের পাকা সড়কে যান। এ সময় রিফাত মৃধার নেতৃত্বে হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার, রফিক তালুকদারসহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের পথরোধ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, ‘অসামাজিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল কাইয়ুমকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে, সাদিয়া ইসলাম শিখাকে কাইয়ুমের কাছ থেকে আলাদা করে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরদিন, ২৩ সেপ্টেম্বর সাদিয়া ইসলাম শিখা বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০/৩০ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়েছে। মামলা নম্বর-২০।