মো. মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা লিটন নায়েব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি করা হয়। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে চালানো কথিত অপপ্রচারের নিন্দা জানান তারা।
নিহত লিটন নায়েবের ভাই ফরিদ বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। হত্যার সঙ্গে জড়িত ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি চাই। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফর বলেন, “মামলাটি সঠিক ও ন্যায়সংগতভাবে পরিচালনা করার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজনই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। আমি এর তীব্র নিন্দা জানাই।
মানববন্ধন শেষে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন জড়িত। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের ফাঁসি দাবি করছি।”
সংবাদ সম্মেলনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।