পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বের হয়ে পথরোধ ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অটোরিকশায় থাকা এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশের সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় পবিপ্রবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থী অটোরিকশায় ছিলেন।
অভিযোগ রয়েছে, কয়েকজন যুবক অটোরিকশাটির গতিরোধ করে শিক্ষার্থীদের নামিয়ে দেন। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে অটোরিকশাটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে সেটি দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অটোরিকশার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদারকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন। পথে কয়েকজন স্থানীয় যুবক তাদের গাড়ি থামিয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের কাছে থাকা মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার সময় অটোরিকশায় থাকা নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। যা বলার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলবেন।’
পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, ঘটনার পর অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। চালকের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তদের নাম পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সাড়ে ৫ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর গায়েও হাত দেওয়া হয়েছে।’