নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বিশেষ সভায় পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়, বাজার পরিস্থিতি ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়ে এখনো পর্যালোচনা অব্যাহত রয়েছে।
নতুন পে স্কেলের আওতায় বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা সরকারি চাকরিজীবীরাও সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে। ফলে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।