জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর বিচারিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, অতীতে রাজনৈতিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রেহানা আক্তার রানু বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের অনেকেই এখনও কাঙ্ক্ষিত বিচার পাননি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় ধীরগতি রয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে হতাশা সৃষ্টি করছে।
বক্তব্যে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে পূর্ববর্তী সরকারের প্রভাব থাকার অভিযোগও তুলে ধরেন। তার দাবি, এসব কারণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় আরও জবাবদিহিতা ও সংস্কার প্রয়োজন। রাজস্ব আদায় বাড়াতে এবং অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া ব্যাংক খাতে অনিয়ম, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিও জানান এই সংসদ সদস্য।