জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অন্য সব কার্যক্রমের ওপর প্রাধান্য পাবে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার এ মন্তব্য করেন।
তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার অজুহাতে সংসদে অনুপস্থিত থাকা গ্রহণযোগ্য নয়। সংসদ সদস্যদের বক্তব্য শোনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের যথাসময়ে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
অধিবেশনে রাজশাহীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের যোগাযোগ তথ্যসংবলিত ডাইরেক্টরি প্রকাশে বিলম্বের বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্পিকার জানান, জাতীয় সংসদ সচিবালয় ‘টেলিফোন সহায়িকা ২০২৬’ প্রকাশের কাজ করছে। কয়েকজন সদস্যের তথ্য এখনো না পাওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।
এ সময় চিফ হুইপ বলেন, মন্ত্রণালয়গুলোর যোগাযোগ তথ্য সহজলভ্য না হওয়ায় সংসদ সদস্যরা বিভিন্ন কাজে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি একটি সমন্বিত ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সুবিধার্থে সব গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সংবলিত একটি সমন্বিত ডাইরেক্টরি দ্রুত প্রস্তুত করা হবে।