মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।
জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের করা হয়। পরে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মিছিল চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে শত শত মোটরসাইকেলে যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।