হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বকনা বাছুর লালন-পালনের মাধ্যমে সুফলভোগীরা ভবিষ্যতে খামারি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।
তিনি বিএনপিকে জনবান্ধব দল হিসেবে উল্লেখ করে বলেন, দলটি ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে। একই সঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে টুকু অভিযোগ করেন, সেই সরকার খুন-গুমসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র বা হুমকি-ধামকি দিয়ে দেশের জনগণকে রোধ করা যাবে না। গণতন্ত্র রক্ষায় বিএনপি অতীতেও আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।