চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির ‘দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে পাঁচজনের নাম উল্লেখ করে তাদের তালিকাভুক্ত করার কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পোস্টের শেষাংশে তিনি তালিকায় আরও যাদের নাম থাকা উচিত বলে মনে করেন, তাদের নাম কমেন্টে জানানোর জন্য নেটিজেনদের প্রতি আহ্বান জানান।
পরে কমেন্টে আরও কয়েকজনের নাম উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের ‘আরও এক ধাপ নিচের সারির লোক’ বলে মন্তব্য করেন। তিনি রাশেদ, রেজাউল, রনি ও শাহেদ আলমের নাম উল্লেখ করেন।
তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে বিস্তারিত তথ্য বা প্রমাণ তিনি উপস্থাপন করেননি।