রাবি প্রতিনিধি, মো.আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী’ (রাবি, রুয়েট ও রামেক)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসানকে সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া আব্দুর রব জিমহাকে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ জয় ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। গতকাল ৭ আগস্ট (শুক্রবার)২০২৬ নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ও শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক ও কিডস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. কাইউম রোহান, পশ্চিম রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়েলফেয়ার অফিসার এস. এম. আক্তার হোসেন এবং রাজশাহী অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ অন্যরা।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান বলেন, শরীয়তপুরের বিভিন্ন কলেজে আমরা দিকনির্দেশনামূলক প্রোগ্রাম করব, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ভালো পরামর্শ পায়। এ ছাড়া জেলা সমিতির সদস্যদের নিয়ে ট্যুর আয়োজনসহ পিঠা উৎসব ও ফল উৎসব উদযাপন করা হবে।
সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান বলেন, আত্মিক বন্ধনের ওপর ভর করে শরীয়তপুরের জন্য মেধাভিত্তিক, দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি জেলা সমিতির নিয়মিত ঐতিহ্যবাহী প্রোগ্রামগুলোও আমরা নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখার চেষ্টা করব।
জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কনিক বলেন, যোগ্য নেতৃত্বেরই হাতে জেলা সমিতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আশা করি, তারা নিষ্ঠা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।