আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা কূপটিতে বর্তমানে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি জানায় পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।
বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএসটি পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর কূপটিতে মোট মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, সেনবাগে গ্যাসের সন্ধান পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলে এর সুফল যেন সেনবাগবাসীও পায়। বিশেষ করে সেনবাগের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।