মোঃ হাচান আল মামুন ,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে জেলার রামগড়ে বিজিবি ৪৩ ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত গুইমারা বিজিবি সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা ও বিভিন্ন ধরনের তামাকজাতীয় পণ্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।