শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, ছাড়ে না নানা রোগ-ব্যাধিও। বয়স প্রায় ৭০ ছুঁইছুঁই। একসময় যে হাত দুটো দিনরাত পরিশ্রম করে পরিবারের মুখে অন্ন জুগিয়েছিল, সময়ের নিষ্ঠুর পরিহাসে সেই হাত দুটো আজ বড্ড অসহায় ও কর্মক্ষমতাহীন। বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মণ্ডলের সংসার একসময় বেশ সচ্ছলই ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমীকরণ বদলে গেছে। তিন সদস্যের পরিবারে নেমে এসেছে ঘোর অমানিশা কাটছিল অনাহারে-অর্ধাহারে।
অসহায় এই বৃদ্ধের আকুতি ও পরিবারের করুণ লড়াইয়ের খবর পৌঁছে যায় মানবিক সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের কাছে। খবর পেয়েই কালবিলম্ব না করে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় এই পরিবারের দরজায় গিয়ে হাজির হন সংগঠনটির শেরপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১২টায় আব্দুল জব্বার মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় পুরো এক মাসের প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শুধুমাত্র চাল ও ডালে সীমাবদ্ধ না রেখে একটি পরিবারের মাসজুড়ে পুষ্টি ও বৈচিত্র্যময় খাবারের চাহিদা বিবেচনায় নিয়ে বিতরণ করা হয়েছে সুবিশাল খাদ্যসামগ্রীর ঝুড়ি। এর মধ্যে রয়েছে, ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি তেল, ৫০০ গ্রাম গুঁড়া মরিচ, ২৫০ গ্রাম গুঁড়া হলুদ, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৩ কেজি মাংস, ৩ কেজি মাছ, ১ কেজি বেগুন, ১ কেজি করলা, ১ কেজি আদা-রসুন ও ১ কেজি কাঁচা মরিচ। পাশাপাশি দেওয়া হয়েছে ১ কেজি সাবানের গুঁড়া ও একটি গায়ে মাখার সাবান।
মাসজুড়ে খাবারের এই সুব্যবস্থা দেখে আবেগ আর ধরে রাখতে পারেননি সত্তোরোর্ধ্ব বৃদ্ধ আব্দুল জব্বার মণ্ডল। আনন্দে তাঁর বয়সের ছাপ পড়া দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু।
চোখের পানি মুছতে মুছতে বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “সংসারের যে অভাব, অনেক সময় একবেলা খাবার জোটাতেই কষ্ট হয়ে যেত। এই বয়সে এসে কেউ যে এভাবে আমাদের কথা ভাববে, এতসব খাবার ও বাজার একসঙ্গে তুলে দেবে তা স্বপ্নেও ভাবিনি। বসুন্ধরা শুভসংঘ আমার পরিবারের মুখে যে হাসি ফুটাল, তার ঋণ শোধ করার মতো নয়। আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়সহ এর সঙ্গে জড়িত সবাইকে দীর্ঘজীবী করুন।”
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী তুলে দেন মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ঠিকাদার মো. রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করে সাহায্য করে আসছে। আব্দুল জব্বার মণ্ডলের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুভসংঘের মানবিক চেতনারই এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাহবুবার রহমান, বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি ডা. সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং সদস্য সজিব আহম্মেদসহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
শাহবন্দেগী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে যখন দিন দিন মানবিকতার সংকট দেখা দিচ্ছে, ঠিক তখন একজন নিঃস্ব বৃদ্ধের পাশে বসুন্ধরা শুভসংঘের এমন উপস্থিতি সমাজের বিত্তবান ও অন্য সংগঠনগুলোর জন্য এক বিরাট অনুপ্রেরণা। এটি কেবল একটি পরিবারকে খাবার দেওয়াই নয়, বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল আলো জ্বালিয়ে দেওয়া।