আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে অভিনব কৌশলে স্টিলের চুলার পাইপের ভেতর ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ আমিন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজারভিত্তিক একটি মাদক চক্রের মূলহোতা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী ফেনীর আঞ্চলিক মহাসড়কের সেবারহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাসের বক্স থেকে সন্দেহজনক একটি স্টিলের চুলা উদ্ধার করা হয়।
পরে সেটি একটি ওয়ার্কশপে নিয়ে কেটে পরীক্ষা করা হলে চুলার এসএস পাইপের ভেতর বিশেষ কায়দায় ঝালাই করে রাখা ইয়াবাগুলো বেরিয়ে আসে। গণনা করে সেখানে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক পাচারের নতুন কৌশল হিসেবে চুলার পাইপের ভেতর ইয়াবা লুকিয়ে পরিবহনের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। মাদক পাচার ও সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি নোয়াখালী।