আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চল নিয়ে পৃথক ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর পশ্চিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বসন্তপুর, চিলাদী, বিরাহিমপুর, মাহতাবপুর, লেমুয়া ও ঠনারপাড় এলাকার বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলের এসব গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে যাতায়াত এবং সরকারি সেবা নিতে স্থানীয়দের নানা ভোগান্তিতে পড়তে হয়। পৃথক ইউনিয়ন গঠন করা হলে স্থানীয়দের নাগরিক সেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে তারা দাবি করেন।
বক্তারা নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও প্রধান মন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের দৃষ্টিআকর্ষণ করে বলেন, উত্তরাঞ্চলের গ্রামগুলো নিয়ে পৃথক ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানান।
একই সঙ্গে এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্লোগান দেন এবং পৃথক ইউনিয়ন গঠনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।