রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব শাড়ির বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর এলাকায় টহল দেয় বিজিবি। এসময় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরণের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী নিকটস্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।