রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে অভিযান চালানো হয়। বিজিবি টহল দলটি সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সোনাপুর’ নামক স্থানে অবস্থান নিয়ে অবৈধভাবে আসা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ির চালানটি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
১০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত এসব মালামাল প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর বা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।