আবু বক্কর , সিদ্দিক কক্সবাজার
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে টেকনাফে ফেরত আনা হয়েছে। বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সীমান্ত কূটনীতি ও ধারাবাহিক তৎপরতার মুখে আরাকান আর্মি বুধবার (১৯ আগস্ট) তাদের মুক্তি দেয়।
বিজিবি সূত্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬ জন মিয়ানমার থেকে আগত এফডিএমএন (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক/রোহিঙ্গা) জেলে রয়েছেন। বিজিবির একটি বিশেষ প্রতিনিধিদল নাফ নদীর জিরো লাইনে আরাকান আর্মির কাছ থেকে উদ্ধারকৃতদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
সীমান্ত নিরাপত্তার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা থেকে মোট ৪৩৪ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হন। যার মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন এফডিএমএন জেলে ছিলেন।
বিজিবির টানা সহায়তায় এ পর্যন্ত মোট ৩৪৮ জন জেলেকে (১৫৭ জন বাংলাদেশি ও ১৯১ জন এফডিএমএন) সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনো ৮৬ জন জেলে বন্দি রয়েছেন, যাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন এফডিএমএন। বাকিদের উদ্ধার ও স্বজনদের কাছে ফিরিয়ে দিতে বিজিবির কূটনৈতিক প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।