কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেট, শাপলা চত্বর ও পাঁচ রাস্তার মোড় হয়ে ছয় রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা এমপি আমির হামজার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি করেন।
সমাবেশ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।