আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং তা কোনো গোপন প্রক্রিয়ায় নয়, উপযুক্ত আদালতের মাধ্যমে করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার এমনভাবে করা হবে, যাতে এ বিচার নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
বরিশালে এসে জীবনানন্দ দাশের কবিতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে’—কবির এই কথার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, বরিশাল বারে এসে আইনজীবীদের ব্যথাও আমি উপলব্ধি করেছি।
আইনজীবীদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, বারের সংস্কারকাজের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য আপাতত পাঁচ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার ছয় মাসের মধ্যে মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। দেশে সংকট রয়েছে, তবে সেই সংকট সমাধানে সরকার কাজ করছে। জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে পুরো বিশ্বই সংকটের মধ্যে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশে যতটা সম্ভব দেরিতে তেলের দাম বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যারা বর্তমানে নানা জায়গায় গোপনে বিরোধিতা করছেন, তারা একসময় ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি করার কারণে ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও নানা দাবি-দাওয়া তুলে ধরেন।