ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর উন্নয়ন কার্যক্রমে কেউ বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, নগরীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অতীতের মতোই কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
তিনি বলেন, যারা অতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছিল, গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে তাদের বিচারের প্রক্রিয়া ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, দীর্ঘ ১৮ বছরের প্রাতিষ্ঠানিক ও ফ্যাসিবাদী কাঠামো মাত্র ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কাজ করতে হবে।
তিনি নগর উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কর্মসূচিতে নাগরিকদের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।