যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা। আলোচনায় উঠে এসেছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (এওসি)। ৩৬ বছর বয়সী এই প্রগতিশীল নেত্রী এখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক বক্তব্য, জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা বাড়িয়েছে।
সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে এওসি বলেন, তার উচ্চাকাঙ্ক্ষা কোনো পদ দখল করা নয়, বরং দেশকে পরিবর্তন করা। তার এই বক্তব্যের পর ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
অর্থনৈতিক বৈষম্য কমানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তার অবস্থান প্রগতিশীল ভোটারদের মধ্যে জনপ্রিয়। গাজা ইস্যুতেও তিনি ইসরাইলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন এবং মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করেছেন।
তবে প্রেসিডেন্ট হওয়ার পথে এওসির সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা, আফ্রিকান-আমেরিকান ভোটারদের সমর্থন এবং রিপাবলিকানদের তীব্র আক্রমণ মোকাবিলা করতে হবে তাকে।
২০১৮ সালে দীর্ঘদিনের কংগ্রেসম্যান জো ক্রাউলিকে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসা এওসি এখন ডেমোক্রেটিক পার্টির অন্যতম পরিচিত মুখ। শেষ পর্যন্ত তিনি ২০২৮ সালের দৌড়ে নামবেন কি না, সেটিই এখন মার্কিন রাজনীতির অন্যতম বড় প্রশ্ন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?