সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সরকারকে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দেশের চলমান সমস্যার সমাধানে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হবে।
রাশেদ প্রধান বলেন, সরকার যখন বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়েছে, তখন তারা পাল্টা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সরকারের পক্ষে চলমান সমস্যার সমাধান সম্ভব নয়—এমন অবস্থান যদি সরকার স্বীকার করে থাকে, তাহলে বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত।
তিনি বলেন, বিশেষ অধিবেশন আয়োজন করা হলে সংসদেই দেশের বিভিন্ন সমস্যা সমাধানের কার্যকর রূপরেখা বিরোধী দলের পক্ষ থেকে উপস্থাপন করা হবে।
গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গ তুলে জাগপা মুখপাত্র বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে তারা মুক্তাঙ্গন থেকে সচিবালয়ের উদ্দেশে গিয়েছিলেন। সেখানে সমস্যা সমাধানের প্রস্তাবসংবলিত কাগজ সরকারের কাছে জমা দেওয়ার চেষ্টা করা হলেও তা গ্রহণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ প্রধান অভিযোগ করেন, তাদের দেওয়া প্রস্তাব গ্রহণ করার মতো কোনো প্রতিনিধি বা প্রয়োজনীয় সদিচ্ছা সরকারের ছিল না। বরং পুলিশ বাহিনী ব্যবহার করে তাদের কর্মসূচি দমনের চেষ্টা করা হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আবারও সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে দেশের চলমান সংকট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সমাধান প্রস্তাব উপস্থাপনের কথা জানান তিনি।