মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ রিয়াদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন সরকারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া এলাকায় রিয়াদ হোসেনের অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেওয়ালের মাঝের জায়গা থেকে তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ হোসেন পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাতেম দেওয়ান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করা হবে।