নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সদরে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাগড়া গ্রামবাসীর আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশা শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা ও একটি সুন্দর সমাজ গঠন করতে সোমবার দুপুরে বাগড়া মাদ্রাসার সামনে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক এখন সমাজের একটি ক্যান্সার বেদীর মতো রূপ ধারণ করেছে। মাদকের কারণে এলাকায় চুরি ছিনতাই সহ নানান অপরাধ বেড়েছে। মাদক সেবীর পরিবার এর ভয়াবহতায় ধ্বংস হয়ে পড়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে সমাজ থেকে মাদক দূর হতে পারে। অন্যতায় মাদকের কুফল থেকে পরিবার, সমাজ ও এলাকা রক্ষা পাবেনা।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক এলাকার সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তাহলেই মাদক নির্মুল হতে পারে।
এ সময় বক্তব্য রাখেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মোজাম্মেল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান রুবেল ও বাগড়া বাজারের ব্যাবসায়ী কাইয়ুম আহমেদ প্রমুখ।