মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গনে তিনদিনব্যাপী ফল মেলা ২০২৬ শুরু হয়।
এসময় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।
পরে উপ পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ফল মেলার উদ্বোধনী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় ফলের গুরুত্ব অপরিসীম। পার্বত্য জেলা বান্দরবানের আবহাওয়া ও মাটি বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী।
কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আরও উৎসাহিত করতে হবে। একই সঙ্গে উৎপাদিত ফল সংরক্ষণ ও বাজার জাতকরণের ব্যবস্থাও জোরদার করতে হবে।
ফল চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। তিনি সকলকে বেশি বেশি ফলের গাছ রোপণ এবং ফল চাষ সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার সহ বিভিন্ন চাষিরা।
সভা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন চাষীর হাতে বিনামুল্যে চারা বিতরণ করেন অতিথিরা।