দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে এর দায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতার দায় নিতে চান না, আবার নিজেরাও দায়িত্ব পালনে ব্যর্থ হতে চান না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে তারা বসে থাকবেন না।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আর্মি গলফ ক্লাব, এসবির সদর দপ্তর, থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের পাশাপাশি পার্বত্য এলাকায় অভিযানে সেনাসদস্য নিহত এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিরোধী দলের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সরকার চাইলে জাতীয় সংকট মোকাবিলায় বিরোধী দল আন্তরিকভাবে সহযোগিতা করবে। তবে সহযোগিতা প্রয়োজন হলে সরকারকে তা স্পষ্টভাবে জানাতে হবে।
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। তাই দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া যাবে না।
বক্তব্যের শেষাংশে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে স্পষ্ট অবস্থান, কার্যকর উদ্যোগ ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান।