মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) সেখানে তার মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ কিডনির সমস্যা ও শ্বাসকষ্টের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকার মানুষ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লুৎফুজ্জামান বাবর। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও জানিয়েছেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান জানান, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শেই তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বাবর যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন তারা।