তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরুর আগের দিন দুই দেশের শীর্ষ নেতারা এ বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়। প্রায় ৩০ মিনিট পর রাত পৌনে ৮টায় বৈঠক শেষ হয়।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়ায় পৌঁছানোর পরই সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।