বিচ্ছিন্নভাবে দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টাকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের ভেতরে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এসব অপচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে অপরাধের হার কমেছে। আংশিক তথ্য দিয়ে পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তারের তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের বিষয়ে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। প্রয়োজনে উপযুক্ত সময়ে সেগুলো প্রকাশ করা হবে।