বাতাস ছাড়া যেমন মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, তেমনি বাউলসংগীত ছাড়া মানবতাও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ফজলুর রহমান লেখেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না।’ বাউলসংগীতের মানবিক দর্শন তুলে ধরে তিনি আরও লেখেন, ‘শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
এর আগে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ নিজের নির্বাচনী এলাকায় গ্রাম্য গানবাজনা বন্ধে প্রশাসনকে অনুরোধ জানান। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে জি কে গউছ বলেন, এলাকার মানুষ গ্রাম্য গানবাজনা পছন্দ করেন না। বিশেষ করে ওরসসহ বিভিন্ন আয়োজনে এ ধরনের গান পরিবেশনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শীত মৌসুমে ওয়াজ মাহফিল ও তাফসিরের আয়োজন বাড়বে উল্লেখ করে ধর্মীয় আয়োজন ঘিরে যেন কোনো ধরনের উত্তেজনা বা অপব্যাখ্যা তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন হুইপ।
জি কে গউছের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ফজলুর রহমানের বাউলসংগীত নিয়ে দেওয়া পোস্টটি সামনে এসেছে।