দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, দেশের সামগ্রিক পরিবর্তনে রাজনৈতিক কাঠামো গুরুত্বপূর্ণ। সবাই সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রত্যেকের রাজনীতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও আত্মত্যাগ করেছেন। কিন্তু আন্দোলনের পর ক্ষমতায় তাদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত হয়নি।
ডেপুটি স্পিকার আরও বলেন, গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের পুনরুত্থান দেখতে চান না তারা। এ জন্য সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভারতে অবস্থান করে ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অতীতের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
নতুন বাংলাদেশ গঠনে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সমাজকল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।