সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। আটক লিখন মিয়া কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে একটি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে তল্লাশি করলে তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। আটক যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।