গত ১৫ বছরে দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসান। তিনি বলেন, এসব অনিয়ম দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের হিসাবরক্ষণ ও আর্থিক খাতের পেশাজীবীরা অংশ নেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের পেশাদাররা যদি সততা, নৈতিকতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তবে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তৌহিদ হোসান। তিনি বলেন, আঞ্চলিক ঐক্য ছাড়া বর্তমান বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘নেক্সট জেনারেশন প্রফেশনালস: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’। এতে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই আর্থিক প্রতিবেদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।