প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন।